খুলনায় আইজিপির সফরের মধ্যেই যুবদল নেতা গুলিবিদ্ধ

খুলনায় আইজিপির সফরের মধ্যেই যুবদল নেতা গুলিবিদ্ধ
গুলিতে আহত যুবদল নেতা রামিম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সফরের মধ্যেই গুলির ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টার দিকে জেলার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা জানান, আহত রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামিম। পথে গ্রামের আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পিঠের ডান পাশে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে তেরখাদায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, এর আগে গত ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে খুলনা নগরীতে গুলিতে দুজন নিহত হন। ওই দিন ভোরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম তুষার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করে প্রতিপক্ষ গ্রুপের দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাপাড়া বউবাজার এলাকায় খুশি বেগম (২৫) নামে এক গৃহবধূকে তার মায়ের সামনে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad