রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।
শুক্রবার রাত ৩টার দিকে থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মো. হাসিবুর রহমান রনি নামের এক ব্যক্তি থানায় একটি জিডি করেন। তিনি জানান, তার মেয়ে মানহা হাসিব রাইসা (১৭) গত সোমবার বিকেলে তার বান্ধবী দিপীকা (১৭) ও দিপীকার ছোট বোন দিয়াকে (১৩) নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। একই দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দিপীকার পরিবারের পক্ষ থেকেও দুটি নিখোঁজ জিডি করা হয়।
পুলিশ আরও জানায়, আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিপীকা ও মানহা হাসিব রাইসা একে অপরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতো। দুই পরিবার বিষয়টি জানতো। পরিবার থেকে মেয়েদের দেখা-সাক্ষাৎ ও যোগাযোগে বাধা দেওয়া হতো।
এর জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী গত সোমবার দুপুরে দিপীকা তার মাকে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। পরে নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড় ও ছোট বোন দিয়াকে সঙ্গে নিয়ে বের হয়ে যায়। পরে মানহাকে নিয়ে তারা মোহাম্মদপুরের ওই ভাড়া বাসায় ওঠে।
তথ্য-প্রযুক্তির সহায়তায় ওই তিন কিশোরীকে উদ্ধারের পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।


