বিএনপির হাইব্রিডদের চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার বিকালে নোয়াখালীতে গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎসংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ৫ দফা দাবিতে পদযাত্রায় তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল।
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘এবারও ভোট চুরি হয়েছে ফল প্রকাশের পরে। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে থাকলেও নির্বাচনের পর সেই ভোট নিখোঁজ করা হয়েছে। জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল ফল প্রকাশের আগে, আর জুলাইয়ের পরেও চুরি হলো দিনদুপুরে ফল প্রকাশের পরে।’
সরকারের ৬ মাসের কার্যক্রম নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এক কোটি কর্মসংস্থানের কথা বলা হলেও ছয় মাসে এক লাখ যুবকেরও চাকরি হয়নি। বেকাররা সিভি হাতে ঘুরছেন। শুরুতে বিসিএসের গতি আশাব্যঞ্জক হলেও গত ছয় মাসে নতুন সার্কুলার আসেনি।’
লোডশেডিং নিয়ে বিদ্যুৎমন্ত্রীর সমালোচনা করে এই এমপি বলেন, ‘মন্ত্রী সংসদে বলছেন দেশে লোডশেডিং নেই। অথচ মানুষ ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ পাচ্ছে না। মানুষের হাতে এখন হারিকেন ও মোমবাতি। বিদ্যুৎ কেবল ওনার বাসা ও অফিসে যায় না।’
জনসভায় উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ’১৬ থেকে ১৭ বছর ধরে যারা নির্যাতন সহ্য করেছেন, দল ক্ষমতায় যাওয়ার পর সেই ত্যাগীদের স্থান হচ্ছে না। হাইব্রিডদের চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ। পরিচ্ছন্ন রাজনীতির জন্য এনসিপির দরজা খোলা।’
তরুণদের বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সংসদে ৬ জন দিয়ে শুরু করেছি। আগামী সংসদে ১০০-এর বেশি আসন নিয়ে জনগণের সত্যিকারের কণ্ঠস্বর হব।’
পথসভা থেকে আগামী স্থানীয় সরকার নির্বাচনে হাতিয়া উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়ির বন্যাদুর্গতদের প্রতি সমবেদনা জানান তিনি।
জেলা এনসিপির আহ্বায়ক কাজী তানভীরের সভাপতিত্বে ও সদস্য সচিবের পরিচালনায় পথসভায় কেন্দ্রীয় নেতা আলী আহসান জুনায়েদ, আবদুল হান্নান মাসুদ, নিজাম উদ্দিন, তারিকুল ইসলাম, মহি উদ্দিন রনি, তুহিন ইমরান, খালেদুজ্জামান অন্তর ও ইয়াসিন আরাফাত বক্তব্য দেন।


