সিলেটের মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া করে অস্ত্র, গুলি ও মাদকসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। এতে বলা হয়, ভারতীয় একটি চোরাকারবারি চক্র কুমারশাইল সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকের চালান বাংলাদেশে নিয়ে আসবে এমন গোপন সংবাদে ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বুধবার রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান শুরু করে।
একপর্যায়ে চোরাকারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালালে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করেন। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড .২২ বোরের গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আটক ব্যক্তি সীমান্তবর্তী একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করছে বিজিবি। তারা জানান, উদ্ধার করা অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় পলাতক চোরাকারবরিদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।


