টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে এর ধারণক্ষমতাও বাড়ানো হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর কলেজগেট এলাকার কেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পরিদর্শনকালে মন্ত্রী কেন্দ্রে নির্মাণাধীন নতুন ভবনের কাজের মান ও শিশুদের খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, ‘শিশু উন্নয়ন কেন্দ্রের উদ্দেশ্য শিশুদের কয়েদির মতো আটকে রাখা নয়। শিক্ষা, প্রশিক্ষণ ও সংশোধনের মাধ্যমে তাদের দক্ষ ও ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য।’
কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফ, গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান ও শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক ইমরান খান।


