চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বাদ দেওয়া হয়েছে চারটি সহ-সম্পাদকের পদ এবং সমান সংখ্যক নতুন সম্পাদক পদ যুক্ত করা হয়েছে। পাশাপাশি হল সংসদ থেকেও সব সহ-সম্পাদকের পদ বাতিল করা হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান অধ্যাপক মো. কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে। উপাচার্যের অনুমোদনের পর সংশোধিত গঠনতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।‘
নতুন কাঠামো অনুযায়ী ‘সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক’ এবং ‘আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক’ নামে দুটি নতুন পদ তৈরি করা হয়েছে। এ ছাড়া আরও তিনটি নতুন পদ যুক্ত করা হয়েছে: ‘পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক’, ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক’ এবং ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক’। তবে কাঠামোয় পরিবর্তন হলেও মোট পদসংখ্যা ২৮-ই থাকছে।
কেন্দ্রীয় সংসদের হালনাগাদ পদগুলো হলো: সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা সম্পাদক ও সহ-সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ও সহ-সম্পাদক, দপ্তর সম্পাদক ও সহ-সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক ও সহ-সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, ছাত্রী কল্যাণ সম্পাদক (নারীদের জন্য সংরক্ষিত), স্বাস্থ্য সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক এবং পাঁচজন নির্বাহী সদস্য।
হল সংসদের হালনাগাদ পদগুলো হলো: সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজসেবা-পরিবেশ ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান-গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক, রিডিংরুম-ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক এবং পাঁচজন নির্বাহী সদস্য।
এ ছাড়া, শনিবার চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে ২৫ হাজার ৮৬৬ শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত রয়েছে। রোববার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।


