রাজধানীর বনানীতে গ্যাসের চুলা জ্বালানোর সময় দগ্ধ ফিলিপাইনের এক নারী নাগরিক চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের মারা গেছেন। তার নাম মিস কেইস্টিন ভার বুনাগ (৩২)।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার জানান, গত ২৮ অক্টোবর কন্টিনেন্টাল হাসপাতাল থেকে রেফার হয়ে এই হাসপাতালে আসেন ওই ফিলিপিনা নাগরিক।
তখন জানা যায়, ২৮ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে বনানী এলাকায় বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। তার শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে যায়। পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।
তিনি জানান, ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে গত রাতে তিনি মারা গেছেন।
তার পরিচিতরা জানান, গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসেছিলেন তিনি। ২৮ তারিখ থেকে থাকতে শুরু করেন বনানীর ৭ নম্বর রোডের, ৬৬ নম্বর বাসার বি/১ নম্বর ফ্ল্যাটে থাকতে শুরু করেন। ওইদিনই রান্না করার জন্য সিলিন্ডারের গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ লাগা আগুনে দগ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে গুলশান কন্টিনেন্টাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


