রাজধানীর গুলশানে ‘ঘুষ হিসেবে’ ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ আগামী বছরের ১১ জানুয়ারি নতুন শুনানির দিন ধার্য করেন।
মামলার অপর আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিচারিক কার্যক্রম উচ্চ আদালতে স্থগিত রয়েছে। এ কারণে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়।
ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘অবৈধ পারিতোষিক হিসেবে’ বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে অপর আসামি শাহ মো. খসরুজ্জামানের তদন্ত স্থগিত হলে টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
দুদকের অভিযোগ, গুলশানের একটি প্লট নিয়ম ভেঙে ভাগ করে ৩৬টি ফ্ল্যাট নির্মাণ ও হস্তান্তরের অনুমোদন দিতে টিউলিপ প্রভাব খাটান। এর বিনিময়ে ইস্টার্ন হাউজিং থেকে তিনি বিনামূল্যে একটি ফ্ল্যাট নেন।
টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদনও মঞ্জুর করেন আদালত।
তবে টিউলিপ অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, শেখ হাসিনার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে ‘মিথ্যা ও বানোয়াট’ মামলা করা হয়েছে।
এর আগে পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতির তিন মামলায় টিউলিপকে দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


