সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তামান্না ফেরদৌস ও আসলাম মিয়া। পরে আসলাম মিয়া হাইকোর্টের আদেশের বিষয়টি টাইমস অব বাংলাদেশ’কে নিশ্চিত করেন।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ডিসেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি এই মামলায় জামিন প্রশ্নে রুল জারি করে হাইকোর্ট।
এদিকে এক মামলায় জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না আনিস। অর্থ পাচারের অভিযোগে দুদকের করা আরেকটি মামলায় তিনি কারাগারে আছেন। গত ২৮ জানুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের আদেশে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।


