ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির শেষ দিনে নির্বাচন কমিশনে ৬৩টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৩টি আপিল আবেদন মঞ্জুর করা হয়েছে।
রোববার অনুষ্ঠিত শুনানিতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ২১টি আপিল মঞ্জুর হয়। পাশাপাশি মনোনয়নপত্র নেওয়ার বিরুদ্ধে করা দুটি আপিলও মঞ্জুর করেছে কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এদিন মোট ৩৫টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি এবং মনোনয়নপত্র নেওয়ার বিরুদ্ধে করা ১৬টি আপিল নামঞ্জুর করা হয়।
এ ছাড়া, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিলাদেশ বহাল রাখার বিষয়ে করা একটি আপিলও নামঞ্জুর করা হয়েছে।
শুনানিকালে তিনটি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। পাশাপাশি একজন আপিলকারী অনুপস্থিত থাকেন। কমিশন দুটি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রেখেছে।
এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী রোববার ছিল পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
শেষ দিনে পাবনা-১ আসনে মোট সাতটি এবং পাবনা-২ আসনে পাঁচটি মনোনয়নপত্র জমা পড়েছে।


