সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস-এর ৭৯তম আসর বসেছিল রয়্যাল ফেস্টিভ্যাল হলে। এবার সবচেয়ে বেশি আলো কেড়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। মনোনয়নে এগিয়ে থাকা ছবিটি শেষ পর্যন্ত সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতে কার্যত একক আধিপত্য দেখিয়েছে।
পরিচালক পল টমাস অ্যান্ডারসন তার ক্যারিয়ারে আরেকটি বড় মাইলফলক ছুঁয়েছেন এই ছবির মাধ্যমে। যুদ্ধ-পরবর্তী মানবিক সংকটকে ব্যক্তিগত ট্র্যাজেডির ভেতর বুনে দেওয়ার নির্মাণশৈলী সমালোচক ও দর্শক—দুই পক্ষেরই প্রশংসা কুড়িয়েছে। একই ছবির জন্য সহ-অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন শন পেন।
এবারের আরেক আলোচিত ছবি সিনার্স । পরিচালক রায়ান কুগলার-এর এই কাজ জিতেছে সেরা মৌলিক চিত্রনাট্য, পার্শ্ব অভিনেত্রী ও মৌলিক সংগীতের পুরস্কার। এই জয়ের মধ্য দিয়ে কুগলার বাফটার ইতিহাসে মৌলিক চিত্রনাট্য বিভাগে প্রথম কৃষ্ণাঙ্গ বিজয়ী হিসেবে নাম লেখালেন। পার্শ্ব অভিনেত্রী হিসেবে সম্মান পেয়েছেন উইনমি মোসাকু, আর সংগীতে পুরস্কার জিতেছেন লুডভিগ গোরানসন।
সেরা অভিনেতা বিভাগে এসেছে চমক। আলোচনায় থাকা অন্য নামগুলোকে পেছনে ফেলে রবার্ট অ্যারামায়ো ‘আই সয়্যার’ ছবির জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন জেসি বাকলি ‘হ্যামনেট’-এর জন্য। একই সঙ্গে ‘হ্যামনেট’ জিতেছে সেরা ব্রিটিশ চলচ্চিত্রের সম্মানও।
অ-ইংরেজি ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কার গেছে নরওয়েজিয়ান পরিচালক ইয়োকিম ট্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ছবির হাতে। সেরা প্রামাণ্যচিত্র হয়েছে মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন। অ্যানিমেশন বিভাগে পুরস্কার পেয়েছে জুটোপিয়া ২। শিশু ও পারিবারিক চলচ্চিত্র বিভাগে জয়ী হয়েছে ‘বং’।


