ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
সালমান শাহ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত নতুন করে আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত নতুন এই দিন ধার্য করেন। এর আগে, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় চলতি বছরের ১৩ জানুয়ারি নতুন তারিখ ঠিক করা হয়েছিল। তবে সেদিনও প্রতিবেদন দাখিল না হওয়ায় আবারও সময় বাড়ানো হয়েছে। গত ৭ ডিসেম্বর ঢাকার এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তদন্ত প্রতিবেদন জমার তারিখ নির্ধারণ করেছিলেন।

সূত্র জানায়, তদন্ত কর্মকর্তা, রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করতে পারেননি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। দীর্ঘদিন এ ঘটনাকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হলেও পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই হত্যার অভিযোগ তোলা হয়। তাদের দাবি, পূর্ববর্তী তদন্তগুলোতে প্রকৃত ঘটনা উদঘাটন হয়নি। দীর্ঘ ২৯ বছর পর এ ঘটনায় অপমৃত্যুর মামলা থেকে নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়। গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে প্রয়াত নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে।

এ ছাড়া, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত পরবর্তী আইনি কার্যক্রম নির্ধারণ করবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর