ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দ্রুততম সময়ে তোফাজ্জেল হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।
একই সঙ্গে, তারা সাম্য হত্যার প্রকৃত ঘটনা উদঘাটন, সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত তদন্ত শেষ করার এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানায়।
রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবির পাশাপাশি তারা তোফাজ্জেল হত্যার দ্রুত বিচার এবং সাম্য হত্যার প্রকৃত উদঘাটনের দাবি উপস্থাপন করেন।
সাক্ষাৎ শেষে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ সাংবাদিকদের উদ্দেশে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে আলোচনা উপস্থাপন করেন।
সাক্ষাতে শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে সিসিটিভি স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছে ডাকসু। পাশাপাশি, জগন্নাথ হল ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার এবং মণ্ডপ ভাঙচুরের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তোলে তারা।
এ ছাড়া, প্রতিমা ভাঙচুরসহ পূর্বের ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ডাকসু দ্রুত বিচার দাবি করেছে। তাদের মতে, বিচার হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে একাধিক বৈঠক হয়েছে এবং সর্বাত্মকভাবে কাজ চলছে।
ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তারা বিভিন্ন উদ্বেগ উপস্থাপন করেছেন। এর আগে ঢাকসু জগন্নাথ হলের পূজা মণ্ডপ পরিদর্শন করে প্রতিনিধি, হল সংসদ এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি, শিব মন্দির ও ঢাকেশ্বরী মন্দিরের প্রতিনিধি দলও তাদের উদ্বেগ জানিয়ে ঢাকসুকে আমন্ত্রণ জানায়। হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের পূজা নির্বিঘ্নে সম্পন্ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করা হয়েছে।
ঢাকসু জানিয়েছে, সাম্প্রতিক ইতিহাসে দুটি বড় হত্যাকাণ্ড হলো তোফাজ্জেল হত্যা ও সাম্য হত্যা। তোফাজ্জেল হত্যার তদন্ত প্রতিবেদন পাওয়া গেলেও বিচার প্রক্রিয়া এখনো স্থগিত রয়েছে। ডাকসু দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
অন্যদিকে, সাম্য হত্যার ক্ষেত্রে এখনো কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। ডাকসুর দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের আশ্বাস দিয়েছেন যে শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে, সংশ্লিষ্ট দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।


