সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের আরও দুই যাত্রী আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যানচালক হুমায়ুন কবির (৩৫) উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। অপর নিহত সুজন সরদার (৩০) একই ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামের মিন্টু সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বালসাবাড়ি-কাঁঠালতলা এলাকায় পাবনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের বিপরীতমুখী সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক হুমায়ুন কবিরের মৃত্যু হয়।
গুরুতর আহত সুজন সরদারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর দুই যাত্রী উল্লাপাড়া ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত বাসটির সন্ধান পাওয়া যায়নি।


