গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. সোহেল হাসান।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সপ্তম ভিসি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে প্রায় দুই বছর তিনি গোবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক মো. সোহেল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক।
যোগদানের পর তিনি বলেন, ‘আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। আমাদের প্রতিটি কাজের লক্ষ্য হবে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ এবং সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া।’
এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে প্রো-ভাইস-চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি দিয়ে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত যেটি আগে ঘটে কার্যকর থাকবে।
উল্লেখ্য, এর আগে গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসেন উদ্দিন শেখরকে সরিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নাজমুস সাদাতকে গোবিপ্রবির ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল। এক মাসের ব্যবধানে এবার তাকে সরিয়ে মো. সোহেল হাসানকে ভিসি করা হলো।


