প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাকে দু’টি মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এছাড়া পুনর্বণ্টন করা হয়েছে আটজন প্রতিমন্ত্রীর দপ্তর। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত আলাদা গেজেট জারি করেছে।
গেজেট অনুযায়ী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান কৃষি মন্ত্রণালয়েরও উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন। একইভাবে রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয় পেয়েছেন রুহুল কবীর রিজভী আহমেদ।
এছাড়া প্রতিমন্ত্রীদের মধ্যে শরীফুল আলম এখন থেকে শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। একইভাবে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহণ মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর মধ্যে হাবিবুর রশিদকে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন রাজিব আহসান।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পেয়েছেন শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।
এ ছাড়া নুরুল হক নূরকে শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে নুরুল হক নূর এই মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয় এবং ববি হাজ্জাজ শিক্ষা মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রী ছিলেন।


