ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রিক হক সিকদার ও রন হক সিকদারের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে করার দুই মামলার অভিযোগপত্রে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই সঙ্গে এসব মামলায় ব্যাংকটির ১১ কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার এক বিবৃতিতে দুদক এসব তথ্য জানায়।
সেখানে বলা হয়, রিক হক সিকদার ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ক্রেডিট কার্ড ব্যবহার করে ব্যাংক আইন লঙ্ঘন করে বিদেশে প্রায় ২১ কোটি টাকা খরচ করেছেন।
অভিযোগপত্রে যে ১১ ব্যাংক কর্মকর্তার নাম উল্লেখ রয়েছে তারা হলেন, ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহফুজুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল, শাহ সৈয়দ আবদুল বারি ও চৌধুরী মোশতাক আহমেদ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এমএ ওয়াদুদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট সুবীর কুমার কর ও এএনএম আহসান হাবিব, সাবেক সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার পাল, মোহাম্মদ রেজোয়ানুল হক ও তারিকুল ইসলাম খান এবং সাবেক অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট শামসুল হক।
এছাড়া ন্যাশনাল ব্যাকের আরেক সাবেক পরিচালক রন হক সিকদারের বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকা পাচারের অভিযোগে আরেকটি অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক।
এই চার্জশিটে উপরের ১১ ব্যাংক কর্মকর্তার নামও উল্লেখ রয়েছে।
বিবৃতিতে বলা হয়, রন হক সিকদার ২০১৭ সাল থেকে ২০২১ সালের মধ্যে ক্রেডিট কার্ড ব্যবহার করে ব্যাংক নিয়ম লঙ্ঘন করে বিদেশে প্রায় ৫০ কোটি টাকা খরচ করেছেন।


