পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর ‘রহস্যময়’ মৃত্যু হয়েছে। উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে শনিবার রাত ১১টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম, আনোয়ার আহমেদ (৫২)। তিনি চট্টগ্রামের পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদের বাসিন্দা। প্রায় এক বছর ধরে তিনি ঈশ্বরদীর দিয়ার সাহাপুরে স্থানীয় হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকছিলেন।
স্থানীয়রা জানায়, আনোয়ার আহমেদ দীর্ঘ আট বছর ধরে রাশিয়ান কোম্পানি নিকিমথে দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি স্ত্রীসহ দশদিনের ছুটিতে চট্টগ্রামে নিজের বাড়িতে যান। শনিবার বিকেল তিনটার দিকে স্ত্রীকে চট্টগ্রামে রেখে তিনি একাই ঈশ্বরদীতে ফেরেন।
রাতে খোঁজ না পেয়ে নিহতের স্ত্রী ঈশ্বরদীতে ভাড়া বাসার পাশের প্রতিবেশীকে খবর দেন। পরে আনোয়ার আহমেদের ঘরে গিয়ে তাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
এ সময় প্রতিবেশীরা দ্রুত পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এই মুহুর্তে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


