রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং কন্যা মিথিলা (১৮ মাস)।
শুক্রবার সকাল ৯টার দিকে তাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টাইমস অব বাংলাদেশকে তিনি বলেন, ‘পুলিশের ফরেনসিক টিমকে ডাকা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিক তদন্তের পর ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো।’
নিহতের শ্বশুর আবদুল মালেক সাংবাদিকদের জানিয়েছেন, মিনারুল কৃষিকাজ করতেন এবং ঋণের বোঝায় ছিলেন। পরিবারটি মাটির ঘরে বসবাস করতেন। উদ্ধারকালে মা ও মেয়ের মরদেহ ঘরের উত্তরের অংশে পাওয়া গেছে, আর বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং ছেলে মাহিম দক্ষিণের ঘরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, চারজনের মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ। মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। মরদেহের পাশে হাতে লেখা একটা চিঠি পাওয়া। প্রাথমিকভাবে মনে হচ্ছে , এটি মিনারুলের লেখা। এতে ঋণের কথা বলা হয়েছে। তবে পরীক্ষা–নিরীক্ষা করে সুস্পষ্টভাবে বলা যাবে চিঠিটি কার লেখা।


