রাজধানী বনানী থানার ক্যানসার হাসপাতালের পেছনে ৯ বছর বয়সী একটি শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। অপরাধীকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মঙ্গলবার বনানী থানার পুলিশ এ তথ্য জানিয়েছে।
শিশুটির বাড়ি ময়মনসিংহে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম । তিনি বলেন, বাবা-মায়ের সঙ্গে সে ফুটপাতে বসবাস করত।
সোমবার রাত আটটায় (ভিকটিম) মেয়েটির মুখ বেঁধে অজ্ঞাত পরিচয়ের একজন পুরুষ বনানী থানাধীন ক্যানসার হাসপাতালের পেছনে ধর্ষণ করে পালিয়ে যায়। খবর ইউএনবির।
পরে তার কান্না এবং রক্তক্ষরণ দেখে স্থানীয় লোকজন বনানী থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে রাত পৌনে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়, যোগ করেন তিনি।
বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান রফিকুল।
বনানী থানার ইন্সপেক্টর অপারেশন মেহেদী হাসান বলেন, ‘আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, ওখানে যে পথশিশু থাকে, তাদের মধ্য থেকেই একজনন কাজটি করেছেন। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে। তার চিকিৎসা চলছে। সে তো বাইরে এসে অপরাধীকে শনাক্ত করে দিতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘তারপরেও রাস্তার পথশিশুদের ছবি তুলে হাসপাতালে পাঠাচ্ছি, ভুক্তভোগী যাতে অপরাধীকে শনাক্ত করতে পারে। অপরাধীকে ধরতে আমাদের কার্যক্রম চলছে।’


