রংপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার ভোররাতে নগরীর ধাপ জেল রোড এলাকার আরজি ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন নগরীর সাতগাড়ার মোবারক আলীর ছেলে বাঁধন মিয়া (৩৭), কামালকাছনার চিড়ারমিল এলাকার ফেরদৌস আলমের ছেলে তাওরাত আকরাম (২৭), পরশুরামের ধাপ মোহাম্মদপুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সাহেব আলী (২৬), বদরগঞ্জের তালুক দামোদরপুরের এমদাদুল হকের ছেলে আতিকুর রহমান (৩৪), দিনাজপুরের পার্বতীপুরের তেলিপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে হাফিজ আল মামুন (৩২) ও আশরাফুল ইসলাম (৩৬)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১৫টি স্ট্যাম্প, আটটি স্বাক্ষর করা চেক, তিনটি জাতীয় পরিচয়পত্র, চারটি মূল সার্টিফিকেট ও পাঁচটি স্মার্টফোন জব্দ করে ডিবি পুলিশ।
বিকেলে মহানগর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী বলেন, ‘গ্রেপ্তাররা মোটা অঙ্কের টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে খাদ্য বিভাগসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্ন ফাঁস ও প্রক্সি পরীক্ষা দেওয়ার সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এর মাধ্যমে অনেকেই প্রতারিত হচ্ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। অভিযান অব্যাহত থাকবে।’


