ভার্চ্যুয়াল আদালত প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের আলটিমেটাম

ভার্চ্যুয়াল আদালত প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের আলটিমেটাম
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কালো পতাকা মিছিল করেন আইনজীবীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্টে ভার্চ্যুয়াল আদালত ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে প্রধান বিচারপতিকে সময় বেঁধে দিয়েছেন আইনজীবীরা। ২৮ এপ্রিলের মধ্যে ভার্চ্যুয়াল আদালত ব্যবস্থা প্রত্যাহার করা না হলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কালো পতাকা মিছিল ও সমাবেশের মাধ্যমে এই ঘোষণা দেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও আইনজীবী সমিতির সাবেক সহসম্পাদক মাহবুবুর রহমান খান।

সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘আমি মনে করি, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটা বিশেষ পরিস্থিতিতে পরীক্ষামূলকভাবে ভার্চ্যুয়াল আদালত ব্যবস্থার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু দুদিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি, আসলে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে না। সুপ্রিম কোর্ট অঙ্গন গাড়িতে ভরে যাচ্ছে। আইনজীবী ও বিচার প্রার্থীরাও নিয়মিত আসছেন।’

তিনি বলেন, ‘একটা দেশের বিচার বিভাগ আইনের শাসন, মানবাধিকার ও নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের মূল জায়গা। এটা তেল, গ্যাস বা অন্যান্য সংকটকে অতিক্রম করেও চালু রাখতে হবে। এটা কোনো দোকান বা শপিং মল নয় যে, ৮টার পর বন্ধ করে দিলেও সমস্যা হবে না। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র টিকিয়ে রাখতে হলে যে কোনো মূল্যে বিচার বিভাগকে টিকিয়ে রাখতে হবে।’ ভার্চ্যুয়াল আদালতে মামলার শুনানি কম হওয়ায় বিচারপ্রার্থী ও আইনজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

এরপর মাহবুবুর রহমান খান পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ২৮ এপ্রিলের মধ্যে ভার্চ্যুয়াল আদালতের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় সেদিন দুপুর থেকে কালো পতাকাসহ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে দুপুরে আইনজীবীরা কালো পতাকা হাতে নিয়ে সমিতি ভবনে মিছিল করেন। মিছিলটি অ্যানেক্স কোর্ট ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে শতাধিক আইনজীবী অংশ নেন। এ সময় তারা ভার্চ্যুয়াল আদালত ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

গত ২০ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভার্চ্যুয়ালি শুনানি অনুষ্ঠিত হবে বলে জানায়। এর পরিপ্রেক্ষিতে বুধবার ও বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি শুনানি অনুষ্ঠিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad