গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাঙাচোরা কাঁচা সড়কে মালবোঝাই ভ্যানগাড়ি ঠেলে চালককে সহায়তা করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
১৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. মাজেদুর রহমান সরকার ভ্যানটি ঠেলে দিচ্ছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
হাসান মাহমুদ নামের একজন লিখেছেন, ‘স্যার, আপনার কাজে মুগ্ধ আমরা সাধারণ জনতা। আপনার মতোই একজন সাদামাটা প্রতিনিধি আমাদের কাম্য।’
ফরহাদ নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘ভালো কাজ তবে রাস্তাগুলো ভালো করে দিলে দীর্ঘমেয়াদি সুফল পাবে জনগণ।’
আলমগীর নামের একজন লিখেছেন, ‘মাশাল্লাহ এইরকম এমপি বারবার সুন্দরগঞ্জে দেখতে চাই।’
ভিন্নমত প্রকাশ করে তারিকুল ইসলাম লিখেছেন, ‘কিছু মনে করিয়েন না জনাব, এসব সস্তা রাজনৈতিক কৌশল। আপনি উন্নয়নমূলক কাজ দেখাতে পারলে তবেই পরবর্তী সময়ের জন্য দ্বিতীয় সুযোগ থাকবে।’
সংসদ সদস্য মো. মাজেদুর রহমান সরকার বলেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হয়েছিলাম। রামজীবন ইউনিয়নের কে কই কাশদহ গ্রামে মালবোঝাই একটি ভ্যানগাড়ি ভাঙা কাঁচা সড়কে আটকে থাকতে দেখি। চালক সহায়তার অপেক্ষায় ছিলেন। মানবিক দায়িত্ববোধ থেকে আমি ভ্যানটি ঠেলে তাকে সহযোগিতা করি। এর বেশি কিছু না।’


