ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও ভবিষ্যতে আরও ভালো ফলের আশা প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
শুক্রবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় সাংবাদিকরা জানতে চান, নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি সন্তুষ্ট কিনা।
জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘শতভাগ সন্তুষ্ট হওয়া খুব কঠিন ব্যাপার। তবে মোটামুটি।’
নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের তো ধারণা ছিল, আমাদের সব প্রার্থীই জিতবে। এটা সবাই তাই মনে করে। এমনকি যারা দুই-চার-পাঁচশ ভোটও পায়, তারাও বিজয়ের আশা নিয়েই নির্বাচনে অংশ নেয়।’
বড় ধরনের প্রাণহানি, ক্ষয়ক্ষতি বা রাষ্ট্রীয় সম্পদের বড় ক্ষতি ছাড়াই ভোট শেষ হওয়াকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
এবার অনেক ভোটার ভোট দেননি উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, আমরা আশা করি আগামী দিনগুলোয় আমরা জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করে তুলতে পারব।


