বিএনপির নাম-পরিচয় ব্যবহার করে কেউ যদি মাদক ব্যবসা বা সেবন করে তাকে গ্রেপ্তার করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিকট ধরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
শনিবার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান আরও বলেন, ‘বিএনপি সরকার সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে কোনো মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের জায়গা হবে না।’
যারা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এদিন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধনের পাশাপাশি তিনি তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নে একাধিক নতুন রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুল আজিজ। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


