অবহেলা বা দুর্নীতি পাওয়া মাত্রই দোষীকে চাকরিচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত, ট্রান্সফার বা বদলে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সঙ্গে।’
শনিবার দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুর্নীতি, ঘুষ বাণিজ্যকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘দুর্নীতি, ঘুষ বন্ধ করতে হবে। এটাকে আমরা কোনো প্রশ্রয় দিব না।’
দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করার ঘোষণা দেন সাখাওয়াত হোসেন। তিনি জানান, প্রতিটি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুন ভাবে সাজিয়ে আরও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকেও উন্নত করা হবে।
সরকার স্বাস্থ্যখাতে এ বছরেই বিপ্লবের সূচনা করতে চাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটা ক্ষেত্রে আমরা নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি। যেন জনগণের উন্নয়ন করা যায়। যেন বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানো যায়। আমাদের এবারের বাজেট কোনো টাকার বাজেট না, এটি আদর্শের বাজেট। প্রতিটি আদর্শকে দুর্নীতি মুক্তভাবে বাস্তবায়ন করা হবে।’
নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ অনেকে।


