ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ইমপোর্ট পারমিট বা আইপি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন আমদানিকারকরা। তাদের দাবি, আমদানি বাড়লে খুচরা বাজারে পেঁয়াজের দাম ৪০ টাকায় নেমে আসবে।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান চাঁপাইনবাবগঞ্জ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগস্টে কয়েকজন আমদানিকারককে ৫০ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। এর মাত্র দুদিন পরেই আবারও অনুমতি দেওয়া বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় একটি সিন্ডিকেট আদালতের আদেশের মাধ্যমে আইপি নেওয়ার চেষ্টা করছে।
এটি হলে পেঁয়াজের বাজার একটি সিন্ডিকেটের হাতে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন আমদানিকারকরা। এ জন্য পেঁয়াজের আইপি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, আমদানি বন্ধ হয়ে যাওয়ায় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি বাড়লে দাম ৪০ টাকার মধ্যেই চলে আসবে।
এসময় উপস্থিত ছিলেন, আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন, আমদানিকারক আব্দুল আওয়ালসহ অন্য ব্যবসায়ীরা।


