পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বাড়াতে ঢাকায় ইকো ফেয়ার ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ধানমন্ডির জিয়া আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে পরিবেশবান্ধব পণ্য, প্রযুক্তি ও উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন প্রদর্শনী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
ইকো ফেয়ারে বিভিন্ন স্কুলের শিশুদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পায়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের আয়োজন শিশুদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও উপদেষ্টা ফোরাম ও ইয়ং প্রফেশনালসের আহ্বায়ক রাশেদ উল হক সরকার।
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর শুধু ভবিষ্যতের ভয় নয়, এটি আমাদের চারপাশে স্পষ্টভাবে দৃশ্যমান। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, বৃষ্টিপাতের অনিয়ম, ঘূর্ণিঝড় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য সচেতন জীবনধারা নেওয়া এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার অত্যন্ত জরুরি।’
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শিশুরা কেবল ভবিষ্যৎ প্রজন্ম নয়, বর্তমান সমাজেও পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশ ও জলবায়ু সংরক্ষণের বার্তা সহজ, প্রাণবন্ত ও সৃজনশীলভাবে তুলে ধরা হয়েছে বলে জানান আয়োজকরা। তাদের মতে, শিশুদের এই সৃজনশীল অংশগ্রহণ ভবিষ্যতের আশার প্রতীক।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


