আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগেই সরকার সারাদেশে ধান-চাল সংগ্রহ অভিযান শেষ করতে চায় বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, `বর্তমান সময়ে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা রয়েছে। সরকারের হাতেও সর্বোচ্চ পর্যাপ্ত মজুদ রয়েছে। বর্তমান সরকার এই ধারাবাহিকতা অব্যাহত রেখে যেতে চায়।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত মজুদ গড়ে তুলেছিল, এজন্যই ধান-চালের দাম সহনীয় পর্যায়ে আছে।’
বৃহস্পতিবার থেকে আমন সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে জানিয়ে আলী ইমাম মজুমদার বলেন, ‘এই কার্যক্রম চলবে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার সারা দেশে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭ লাখ টন। এর মধ্যে ৫০ হাজার টন ধান, ৫০ হাজার টন আতপ চাল ও ৬ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। অর্থাৎ সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে।’
এবার সরকার সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৯ টাকা, প্রতি কেজি সেদ্ধ চাল ৫০ টাকা, প্রতি কেজি আতপ চাল ৪৯ টাকা দরে কিনবে বলেও জানান তিনি।
উপদেষ্টা বলেন, ‘আগে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হতো এখন থেকে সেটা বাড়িয়া ৫৫ লাখ এ করা হয়েছে। আগে যেখানে পাঁচ মাস পেত, এখন সেটা ৬ মাস করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত রাখা হবে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কমিটেড।’
পরবর্তী সরকার যখন দায়িত্ব নেবে তখন খাদ্য মজুদ অনেক বেশি পরিমাণে থাকবে বলেও প্রত্যাশার কথা জানান তিনি।


