দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় গ্যাস সংকটের কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার কারিগরি ত্রুটি সারিয়ে উৎপাদন শুরু করার দুই দিনের মাথায় রোববার সকাল থেকে কারখানাটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আফাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্যাসের চাপ কম থাকায় রোববার সকালে উৎপাদন বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে আগামী ডিসেম্বর মাসে গ্যাস সরবরাহের কথা জানানো হয়। ফলে ডিসেম্বরের আগে কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরুর সম্ভাবনা নেই।

কারখানার উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক জানান, নিরবচ্ছিন্নভাবে সার উৎপাদন চালু রাখতে দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন। কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদন শুরু হবে।

আরও পড়ুন

দীর্ঘদিন গ্যাস সংকটে বন্ধ থাকার পর গত ৬ অক্টোবর কারখানাটিতে উৎপাদন শুরু হয়। তবে কারিগরি ত্রুটির কারণে ৮ অক্টোবর আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে শুক্রবার ত্রুটি সারিয়ে উৎপাদন শুরু করা হলেও গ্যাসের চাপ কমে যাওয়ায় দুই দিনের মাথায় আবারও উৎপাদন বন্ধ করতে হয়। এ সময় পুরো সক্ষমতায় উৎপাদন শুরু করা সম্ভব না হলেও দুই দিনে মোট ১ হাজার ৬০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হয়েছে।

গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক জটিলতার কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ২৩ মাস বন্ধ ছিল কারখানাটি। এরপর পুনরায় উৎপাদন শুরু হলেও চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আবারও গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে গত ২০ সেপ্টেম্বর দুপুরে কারখানাটিতে পুনরায় গ্যাস সংযোগ দেওয়া হয়।

যমুনা সার কারখানার প্রাথমিক উৎপাদন সক্ষমতা ছিল দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন। তবে গ্যাসের চাপ স্বল্পতা ও বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে বর্তমানে দৈনিক প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ মেট্রিক টন সার উৎপাদন করা সম্ভব।

কারখানাটি থেকে বিসিআইসির তালিকাভুক্ত প্রায় ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের মোট ২১টি জেলায় সার সরবরাহ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad