টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে। এর ফলে পাঁচটি বিভাগের নির্ধারিত পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের প্রেক্ষাপটে বুধবারের সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে বুধবার সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খোলা রয়েছে এবং দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ আল-আমীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী শহরে থাকেন। কিন্তু অতিবৃষ্টির কারণে সড়ক ও শাটল ট্রেনের রেলপথ পানিতে তলিয়ে যাওয়ায় তাদের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। তাই শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দুর্যোগকালীন পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিধান রয়েছে। এতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে না। পরবর্তীতে মেকআপ ক্লাস ও পুনর্নির্ধারিত পরীক্ষার মাধ্যমে বিষয়টি সমন্বয় করা হবে। ফলে সেশনজটেরও আশঙ্কা নেই।’
টানা তিন দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিশ্ববিদ্যালয়ে যাতায়াত কার্যত ব্যাহত হয়। সাধারণ শিক্ষার্থীদের প্রধান বাহন শাটল ট্রেনের রেললাইনও বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে যায়। একই সঙ্গে ক্যাম্পাস থেকে শহরমুখী শিক্ষকদের কোনো বাসও ছেড়ে যেতে পারেনি।


