কানাডার টরন্টোতে বন্দুকধারীর গুলিতে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবরো ক্যাম্পাসের কাছে তাকে গুলি করা হয়। সন্দেহভাজন হামলাকারী পলাতক আছেন বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার জানায়, ২০ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম শিবাঙ্ক অবস্থি। তিনি টরেন্টো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত মঙ্গলবার তাকে বিশ্ববিদ্যালয়ের কাছে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
বুধবার এক সরকারি বিবৃতিতে টরন্টো পুলিশ জানায়, ‘মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে থাকার খবর পায় পুলিশ। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিবাঙ্কের মরদেহ উদ্ধার করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘পুলিশ পৌঁছানোর আগেই সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।’ সন্দেহভাজন হামলাকারীকে খুঁজে পেতে জনগণের সহায়তা চেয়েছে পুলিশ।
এদিকে শিবাঙ্ক অবস্থির ‘মর্মান্তিক’ মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ভারত। টরন্টোতে ভারতের কনসুলেট জেনারেল এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, তারা শিবাঙ্কের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।
এটি চলতি বছরে টরন্টোতে ৪১তম বন্দুক হামলার ঘটনা। এর আগে গত সপ্তাহে টরন্টোতে আরও এক ভারতীয় নারী হিমাংশি খুরানাকে (৩০) হত্যা করা হয়।
টরন্টোর একটি বাড়ি থেকে শনিবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর একদিন আগে স্ট্রাচান অ্যাভিনিউ ও ওয়েলিংটন স্ট্রিট ওয়েস্ট এলাকা থেকে হিমাংশির নিখোঁজ হওয়ার রিপোর্ট করে স্বজনেরা।
এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ও হিমাংশির ঘনিষ্ঠ বন্ধু ৩২ বছর বয়সী আবদুল গাফুরির বিরুদ্ধে হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পুলিশ জানিয়েছে, গাফুরি টরন্টোরই বাসিন্দা।


