গাইবান্ধার ফুলছড়ি উপজেলার টেংড়াকান্দি বাজারে আগুনে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা দোকানে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে উপজেলার চরাঞ্চলের ফুলছড়ি ইউনিয়নের টেংড়াকান্দি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ওবায়দুলের ওষুধের দোকানে আগুন দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের কাশেমের মনোহারি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ঘটনাস্থলে যাওয়ার আগেই ওষুধের দোকান ও মনোহারি দোকানের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওবায়দুল বলেন, তার দোকানে ১৫ লাখ টাকার ওষুধ ছিল, যা আগুনে ভস্মীভূত হয়েছে। তিনি দাবি করেন, পূর্ব-শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার দোকানে আগুন দেওয়া হয়েছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


