চট্টগ্রাম নগরীতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে লোহার গোলপোস্টের নিচে চাপা পড়ে মাহিদুল (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে হালিশহর এলাকার বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিদুল পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। তিনি নগরের কলসির দিঘির পাড় এলাকায় থাকতেন। পেশায় তিনি ছিলেন রংমিস্ত্রি।
স্থানীয় সূত্র জানায়, খেলায় জয়ের পর গোলপোস্টের লোহার বার ধরে ঝুলছিলেন মাহিদুল। এ সময় পুরো গোলপোস্টটি উল্টে তার শরীরের ওপর পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহতের দুলাভাই রবিউল জানান, সকালে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে গিয়েছিলেন মাহিদুল। খেলা শেষে দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাহিদুলকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, নিউমুরিং এলাকায় গোসল শেষে মাহিদুলের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।


