জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর পুলিশ প্রধানদের ৫ম সম্মেলন (ইউএনকপস ) ২০২৬-এ অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার দিবাগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে যান তারা।
৭ ও ৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী এই সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি। তাদের বক্তব্যে জাতিসংঘের ভবিষ্যৎ পুলিশ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনমুখী পুলিশিংয়ে দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে।
সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘ পুলিশ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বর্তমান ও ভবিষ্যৎ অংশগ্রহণ, উচ্চপর্যায়ে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব বৃদ্ধি, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘ পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ পুলিশ অবদানকারী দেশ হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সংশ্লিষ্টদের মতে, ইউএনকপস ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, নেতৃত্ব এবং শান্তিরক্ষা কার্যক্রমে অবদানকে আরও দৃশ্যমান ও শক্তিশালী করবে।


