আইজিপি অসতর্কতাবশত মন্তব্য করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী       

আইজিপি অসতর্কতাবশত মন্তব্য করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী       
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যকে অসতর্কতাবশত দেওয়া মন্তব্য বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পরে পুলিশের পক্ষ থেকে তা সংশোধন করে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আইজিপি সহজ-সরল মানুষ, আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে অসতর্কতাবশত এমন কথা বলেছেন। তবে, এটি ঠিক হয়নি, উচিত হয়নি।’

মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, সরকার তো ক্রসফায়ার চায় না, বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স। সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না, এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, কাস্টডিয়াল ডেথ (পুলিশ হেফাজতে মৃত্যু) সহ্য করবে না।

তিনি আরও বলেন, আইনের শাসন সরকারের প্রধান লক্ষ্য এবং আইনশৃঙ্খলার উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। এ পর্যন্ত ক্রসফায়ারে মৃত্যু এবং হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন এবং আইনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার যা যা দরকার, সব করবে।

এর আগে, সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। পরে পুলিশ সদর দপ্তর থেকে এর ব্যাখ্যাও দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad