গত ২৪ ঘণ্টায় হামে ও হাম সংশ্লিষ্ট জটিলতায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নিশ্চিত এবং চারজন সন্দেহজনক রোগী। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং ৯০ জনের ক্ষেত্রে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৮৬ জনে।
আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সংক্রমণ সবচেয়ে বেশি। এখানে এখন পর্যন্ত ১৫ হাজার ২৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যাও এ বিভাগেই সর্বোচ্চ, যেখানে ১০৩ জন সন্দেহজনক এবং ২৮ জন নিশ্চিতভাবে হামে মারা গেছেন। সংক্রমণের দিক থেকে এরপর রয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ, যেখানে যথাক্রমে ৬ হাজার ২৬৯ এবং ৪ হাজার ৪৬৪ জন রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬৩ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২২ হাজার ৪৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১৯ হাজার ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করেছে। ৫ এপ্রিল শুরু হওয়া ‘হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় এখন পর্যন্ত ৮৪ লাখ ২২ হাজার ৭৩০ জনকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ বিভিন্ন নগর এলাকায় টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে। সংশ্লিষ্টরা নাগরিকদের দ্রুত টিকা নেওয়া এবং উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


