লিবিয়ায় ৪২ দিন ধরে জিম্মি থাকা দুই বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (১০ জুলাই) পিবিআই ঢাকা উত্তরের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান।
তিনি জানান, লিবিয়া থেকে উদ্ধার পাওয়া বাংলাদেশিরা হলেন আলমগীর হোসেন এবং সিরাজ উদ্দিন। তারা লিবিয়ার ত্রিপোলিতে জমাজৈতন নামক স্থানে একটি ওয়ার্কশপে কাজ নিয়েছিলেন। অজ্ঞাতনামা অপহরণকারীরা তাদের জিম্মি করে ইমো অ্যাপের মাধ্যমে পরিবারের কাছে ২২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে তাদের মেরে ফেলার হুমকি দিলে অপহরণকারীদের প্রথম দফায় দেড় লাখ টাকা পাঠানো হয়।
মুক্তিপণের টাকা পেয়েও অপহরণকারীদের নির্যাতন থামেনি। এ পর্যায়ে ঘটনা জেনে পিবিআই তদন্ত শুরু করে। রাজশাহী থেকে রাসেল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যার মাধ্যমে মুক্তিপণের টাকা লেনদেন হয়েছিল। অপহরণকারীরা তখন জিম্মিদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে ৪ লাখ টাকা পাঠানো হয়।

পিবিআই তদন্ত অব্যাহত রেখে কৌশলে বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে মিন্টু ফরাজী নামে এক ব্যক্তিকে আটক করে। মিন্টু অপহরণকারী চক্রের এ দেশের এজেন্ট। এরপর পিবিআই বিভিন্ন সংস্থার সহযোগিতা নিয়ে আলমগীর ও সিরাজকে লিবিয়া থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়।
পিবিআই জানায়, এর আগে বুধবার লিবিয়া থেকে ফিরেছেন সেখানে নয় মাস জিম্মি থাকা ঝিনাইদহের মতিউর রহমান সাগর এবং কুষ্টিয়ার তানজির শেখ। এদিন আরও ১৬২ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন, যারা বিভিন্ন সময়ে মানবপাচারের শিকার হয়েছিলেন।
লিবিয়ায় কর্মসংস্থানের জন্য যাওয়া বাংলাদেশিরা অনেকেই পছন্দের কাজ না পেয়ে দালালদের মাধ্যমে ইউরোপে যাওয়ার চেষ্টা চালান। তখন বিশেষ চক্র লিবিয়ার বিভিন্ন স্থানে তাদের আটকে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করে।


