পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার বিকালে মন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন।
বিক্ষোভকারীরা রাঙ্গামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের প্রধান পয়েন্টগুলোতে অবস্থান নেন। তারা রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রায় আধা ঘণ্টার জন্য যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন।
এর ফলে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা তীব্র ভোগান্তির শিকার হন।
বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া পাহাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ছিল।
মাত্র সাড়ে তিন মাসের মাথায় তার এই পদত্যাগ স্থানীয় জনগণ ও দলের তৃণমূল নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না। অবিলম্বে এই পদত্যাগপত্র প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার জন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জোরালো দাবি জানান।
এর আগে সকালের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দেওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মন্ত্রী উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এর ফলে মন্ত্রণালয়ের দৈনন্দিন দায়িত্ব পালনে তিনি নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ পরিপ্রেক্ষিতে সরকারের উন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধির স্বার্থে তিনি পদত্যাগ করাকে শ্রেয় মনে করছেন।
শারীরিক কারণ দেখিয়ে দীপেন দেওয়ান পদত্যাগ করলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে। সরকার গঠনের মাত্র সাড়ে তিন মাসের মাথায় একজন মন্ত্রীর পদত্যাগকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখতে রাজি নন রাজনৈতিক বিশ্লেষকেরা।


