অর্থ আত্মসাৎ এবং হত্যার হুমকির অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকারের আদালত এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার জবাব দাখিলের দিন ধার্য ছিল। এ জন্য মেহজাবীন চৌধুরী ও তার ভাই আদালতে হাজির হন। এই মামলায় বাদীও উপস্থিত ছিলেন। আমরা মেহজাবীনের পক্ষে জবাব দাখিল করি। উভয় পক্ষে শুনানি শেষে আদালত এ মামলা থেকে তাদের অব্যাহতির আদেশ দেন।
গত বছরের ১৬ নভেম্বর সন্ধ্যায় এ মামলায় আত্মসমর্পণ করে জামিন পান মেহজাবীন ও আলিশান চৌধুরী। ওইদিন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা হক তানিয়ার আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, মেহজাবীনের সঙ্গে বাদীর পরিচয় দীর্ঘদিনের। সেই সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে তাকে রাখবেন বলে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী টাকা ফেরত চান। তারা আজ-কাল বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন। গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন।
অভিযোগে আরও বলা হয়, ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরও অজ্ঞাত চার-পাঁচ জন অকথ্য ভাষায় বাদীকে গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেন। এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।


