স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯

স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনের লাইনচ্যুতি | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতিসম্পন্ন ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কর্দোবা শহরের কাছে আদামুজ এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেক।

বিবিসির খবরে বলা হয়, গত এক দশকের বেশি সময়ের মধ্যে এটি স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে দেশটির সিভিল গার্ড।

জানা গেছে, মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত লাইনে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

স্পেনের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ট্রেনে মোট প্রায় ৪০০ যাত্রী ছিলেন। জরুরি সেবাদানকারীরা ১২২ জনকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে পাঁচ শিশুসহ ৪৮ জন এখনো হাসপাতালে ভর্তি। গুরুতর আহত ১১ জন প্রাপ্তবয়স্ক ও এক শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

আরও পড়ুন

রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (গ্রিনিচ সময় ৬টা ৪৫) দুর্ঘটনাটি ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী ট্রেনটি যাত্রা শুরুর প্রায় এক ঘণ্টা পর সোজা একটি রেলপথে লাইনচ্যুত হয়।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সব রেল বিশেষজ্ঞ এ দুর্ঘটনায় বিস্মিত। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।’

দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে হুয়েলভাগামী ট্রেনটির কয়েকটি বগি পাশের মাটির ঢিবির দিকে ছিটকে পড়ে। দেশটির পরিবহনমন্ত্রী জানান, নিহত ও আহতদের বেশিরভাগ ছিলেন ওই ট্রেনটির সামনের দিকের বগিতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর