মাদারীপুর-১: জামানত হারালেন ৭ প্রার্থী

মাদারীপুর-১: জামানত হারালেন ৭ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: জোবায়ের/টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাত প্রার্থীই জামানত হারিয়েছেন। এবার এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ জন।

নির্বাচন কমিশন এর বিধান অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের ন্যূনতম এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে এই আসনে অধিকাংশ প্রার্থী নির্ধারিত ভোটসীমা স্পর্শ করতে পারেননি।

শিবচর নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট বৈধ ভোটার তিন লাখ ২৪ হাজার ২৮৯ জন। এরমধ্যে এক লাখ ৭৬ হাজার ২০৮টি ভোট কাস্ট হয়েছে, যা শতকরা হিসেবে ৫৪ দশমিক ৯২ শতাংশ। তুলনামূলকভাবে সন্তোষজনক ভোটার উপস্থিতি থাকলেও সাত প্রার্থীর পক্ষে তা উল্লেখযোগ্য সমর্থনে রূপ নেয়নি।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আকরাম হোসাইন (হাতপাখা মার্কা) পেয়েছেন ছয় হাজার ২০৫ ভোট, কমিউনিস্ট পার্টির আব্দুল আলী (কাস্তে মার্কা) পেয়েছেন ২০৮ ভোট, জাতীয় পার্টির মোহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু (লাঙ্গল মার্কা) পেয়েছেন ১৮০ ভোট, লেবার পার্টির মো. হাফিজুর রহমান (আনারস মার্কা) পেয়েছেন ৬৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. ইমরান হোসেন (হরিণ মার্কা) পেয়েছেন ২৪৭ ভোট, গণঅধিকার পরিষদের রাজিব মোল্লা (ট্রাক মার্কা) পেয়েছেন তিন হাজার ২৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী (ফুটবল মার্কা) পেয়েছেন তিন হাজার ৫৯ ভোট।

ভোটে না জিতলেও জামানত ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা (জাহাজ মার্কা)। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৫৬৪ ভোট। অর্থাৎ প্রদত্ত ভোটের ২০ দশমিক ৭৫ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচন কমিশনের ভোট সীমা অতিক্রম করছেন।

উল্লেখ্য, এই সংসদীয় আসনে ১০২টি কেন্দ্রে ১১ দলীয় জোট মনোনীত ইসলামী মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা (রিক্সা মার্কা) ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার (ধানের শীষ) পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর