নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধসে কোন দেশের কতজন নিখোঁজ

নেপাল-চীন সীমান্তে বন্যা-ভূমিধসে কোন দেশের কতজন নিখোঁজ
নেপালে আহত একজনকে উদ্ধার করছে উদ্ধারকর্মীরা। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

হিমালয়ের তিব্বতে হিমবাহ ধসের পর নেপাল-চীন সীমান্তে আকস্মিক বন্যায় প্রায় ৮০০ জন বিদেশি নিখোঁজ আছেন। বিভিন্ন দেশের দূতাবাসের পক্ষ থেকে পাঠানো নিখোঁজ তালিকা সমন্বয় করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

দুই দেশের কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, বুধবার চীন ও নেপালের সীমান্ত এলাকায় বন্যা ও ভূমিধসে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৬৮ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এ দুর্যোগে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি।

নিখোঁজদের মধ্যে বেশিরভাগ মানুষই পাহাড়ে ভ্রমণ বা হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান দর্শনের উদ্দেশ্যে ওই এলাকায় গিয়েছিলেন বলে জানিয়েছে বিভিন্ন দেশের দূতাবাস। তবে নেপালের কর্তৃপক্ষ বলছে, নিখোঁজের সংখ্যা বিভিন্ন সংস্থার হিসাবে ভিন্ন হতে পারে। তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্য প্রকাশের সময়, যাচাই প্রক্রিয়া এবং উদ্ধারকাজে নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণে এই পার্থক্য তৈরি হয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, দেশটিতে অন্তত ১৬৫ জন নিহত এবং ৮২৬ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় প্রতিবেদনে জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্রের বরাত দিয়ে বলা হয়েছে, নিখোঁজদের মধ্যে ১১৩ জন নেপালি পর্যটক, সেনাবাহিনী ও পুলিশের ৮৫ সদস্য, রাসুয়া জেলার ১৬১ জন বাসিন্দা এবং নুয়াকোট জেলার এক বাসিন্দা রয়েছেন।

নেপালের পর্যটন বোর্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জন।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, তিব্বতের গিরং জেলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছেএবং ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক।

এ ছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের অংশে প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন।

নেপালের নুয়াকোট জেলার দেবীঘাটে আকস্মিক বন্যার পর ধ্বংসযজ্ঞের চিত্র। ছবি: এপি/ইউএনবি

নেপালের পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ভারতের নাগরিক রয়েছেন ১৭৯ জন। তাদের বেশির ভাগই তিব্বতের কৈলাস পর্বত দর্শনে যাচ্ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৈলাস একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ৬৫ জন নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপালের পর্যটন বোর্ড।

মালয়েশিয়ার ৫১ জন নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দূতাবাস।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ হিসেবে বিবেচিত ৫৩ ইউক্রেনীয় নাগরিকের মধ্যে ৪৬ জন পর্যটক রয়েছেন। তাদের সঙ্গে নেপালি কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

অস্ট্রেলিয়ার ৩৫ জন, ব্রিটেনের ৩৩ জন এবং কানাডার ২৫ জন নাগরিকও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপালের পর্যটন বোর্ড।

দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণকাজে নিয়োজিত দেশটির নয়জন নাগরিক নিখোঁজ রয়েছেন।

সিঙ্গাপুর, জার্মানি, ও রাশিয়ার আটজন করে নাগরিক এবং দক্ষিণ আফ্রিকা ও লাটভিয়ার ছয়জন করে পর্যটক তিব্বত সীমান্তে ভূমিধসে নিখোঁজ রয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি জানিয়েছেন, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটির পাঁচ নাগরিক নিখোঁজ থাকায় তিনি উদ্বিগ্ন।

নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, নিউজিল্যান্ডের পাঁচজন, ফ্রান্সের চারজন, বেলজিয়াম ও স্পেনের তিনজন করে নাগরিক নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া ইতালি, কাজাখস্তান, পর্তুগাল, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের দুইজন করে নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশগুলোর দূতাবাস।

এ ঘটনায় বেলারুশ, ফিনল্যান্ড, হাঙ্গেরি, ইসরায়েল, লিথুয়ানিয়া, ফিলিপাইন, বুলগেরিয়া, সুইজারল্যান্ড, সার্বিয়া ও সুইডেনের একজন করে নাগরিকও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad