২০২৫-২৬ মৌসুমে বদলে যাচ্ছে বাংলাদেশ লিগের দলগঠন নীতি
ঘরোয়া ফুটবলে যুগান্তকারী সিদ্ধান্ত নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২০২৫–২৬ মৌসুম থেকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ভুক্ত দেশের খেলোয়াড়দের ‘লোকাল’ খেলোয়াড় হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে বাফুফের পেশাদার লিগ পরিচালনা কমিটি (PLMC)।
বৃহস্পতিবার জরুরি নির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। এরপর বাফুফে ভবনে এক প্রেস ব্রিফিংয়ে PLMC চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বলেন, “যদি কোনো ক্লাব সার্কভুক্ত দেশের খেলোয়াড় নেয়, তাহলে তাদের স্থানীয় খেলোয়াড় হিসেবেই ধরা হবে। তবে কোটা নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
এই সিদ্ধান্তের ফলে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ পার্শ্ববর্তী দেশগুলোর খেলোয়াড়দের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দরজা। একইসঙ্গে বদলে যেতে পারে দল গঠনের রূপরেখাও।
ইমরুল হাসান আরও জানান, “দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ, বিশেষ করে ভারতও এমন ব্যবস্থা চালুর পথে রয়েছে। এটি দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সুপারিশের আলোকে হচ্ছে।”
অনেকেই আশঙ্কা করছেন এতে দেশি খেলোয়াড়দের সুযোগ কমে যাবে। তবে ইমরুল তা নাকচ করে বলেন, “আমরা এটিকে ইতিবাচকভাবে দেখছি। এর ফলে আমাদের খেলোয়াড়রাও বিদেশি লিগে খেলার সুযোগ পাবে।”
নতুন মৌসুমে পাঁচটি টুর্নামেন্ট, বিদেশি খেলোয়াড় নীতিতেও পরিবর্তন
২০২৫–২৬ মৌসুম শুরু হবে ১২ সেপ্টেম্বর, একটি ‘চ্যালেঞ্জ কাপ’ ম্যাচ দিয়ে। পুরো মৌসুমে মোট পাঁচটি টুর্নামেন্ট আয়োজন করবে বাফুফে: চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ, ইন্ডিপেনডেন্স কাপ, সুপার কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
প্লেয়ার রেজিস্ট্রেশন চলবে ১ জুন থেকে ১৪ আগস্ট পর্যন্ত।
বিদেশি খেলোয়াড় নীতিতেও এসেছে পরিবর্তন। এবার থেকে প্রতিটি ক্লাব সর্বোচ্চ পাঁচজন বিদেশি খেলোয়াড় রেজিস্টার করতে পারবে, তবে একসঙ্গে মাঠে থাকতে পারবে তিনজন। পরিবর্তন করে বিদেশি খেলোয়াড় নামানোর সুযোগও থাকছে।
এছাড়া, মাঠে নিরপেক্ষতা বজায় রাখতে বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং যেকোনো স্থায়ী বা অস্থায়ী কমিটির সদস্যদের ক্লাব বেঞ্চে উপস্থিত থাকা নিষিদ্ধ করা হয়েছে।
এই সিদ্ধান্তগুলো দেশীয় ফুটবলে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা, যেখানে আঞ্চলিক সংহতি ও দেশীয় প্রতিভা—দুটোরই সমান গুরুত্ব দেওয়া হয়েছে।


