আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের নেতৃত্বই টিপাইমুখ বাঁধ চালু করা হয়, যা সর্বনাশ ডেকে এনেছিল বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘টিপাইমুখ বাঁধ, এটি বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী (১৯৯৬-২০০১) আব্দুস সামাদ আজাদের অনুরোধে চালু করেছিল ভারত। তখন আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।’
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সদস্য আব্দুল মালিকের এক সম্পূরক প্রশ্নের পর তিনি এ মন্তব্য করেন।
এরআগে আব্দুল মালিক তার প্রশ্নে টিপাইমুখ বাঁধ নিয়ে দেশের সংকট তুলে ধরে সরকারের অবস্থান জানতে চান। জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু বলেন, বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন। এরপর স্পিকার নিজের অভিজ্ঞতার কথা টেনে টিপাইমুখ বিষয়ে মন্তব্য করেন।
প্রশ্নোত্তর পর্বে সিলেটের বন্যা ও খরার দুর্ভোগের কথা তুলে ধরেন আব্দুল মালিক। তিনি বলেন, কালবৈশাখী ও বর্ষা মৌসুমে পাহাড়ি পানি ও বরাক নদীর উজানের প্রবাহে সিলেটের রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে যায়। আবার খরা মৌসুমে পানির অভাবে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। সিলেটবাসীর পক্ষ থেকে তিনি জানতে চান, টিপাইমুখ বাঁধের বিষয়ে সরকারের কী পরিকল্পনা আছে এবং পাহাড়ি পানির চাপ ঠেকাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
জবাবে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব, যাতে ভবিষ্যতে এই সমস্যাটা সমাধান করা যায়।


